এমটিনিউজ২৪ ডেস্ক : গাছের শাখা-প্রশাখা কর্তন ও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোমবার (১৮ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এসব এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন এলাকায় ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন কাজ পরিচালনা করা হবে। আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কারণে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপাশিয়া ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে- সোর্স থেকে কাপাশিয়া মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পর্যন্ত এলাকা, কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।