বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ০৮:৪৮:২৮

রাজশাহীতে হঠাৎ মাছের কেজি কত হলো জানেন?

রাজশাহীতে হঠাৎ মাছের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীতে বেড়েছে সব ধরনের মাছের দাম। গত এক সপ্তাহ ধরে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা দাম বাড়তি।

বুধবার (১৫ জুলাই) সকালে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজার আড়তদার ও ব্যবসায়ীদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠে।

তারা জানান, এদিন মাছের সরবরাহ কম, বিপরীতে চাহিদা ছিল বেশি। ফলে অন্যান্য সময়ের তুলনায় কেজিতে মাছের দাম ৩০ থেকে ৫০ টাকা বেশিতে বিক্রি হয়েছে। এদিন ১ কেজি ওজনের রুই ৩২০-৩৫০ টাকা এবং বড় রুই ৪০০- ৪৫০ টাকা কেজি বিক্রি হয়। প্রতিকেজি মাঝারি আকারের কাতলা ৪৫০- ৪৭০ টাকা, তেলাপিয়া ১৫০-২২০ টাকা, মাঝারি সিলভার কার্প ১৮০-২২০ টাকা, মাঝারি মৃগেল ২৫০ টাকা, মিনার কার্প ২২০-২৪০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪০০ টাকা, মাঝারি পাঙ্গাস ১৭০-১৮০ এবং কালবাউশ ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হয়।

ব্যবসায়ীরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে পুকুর মালিকরা মাছ কম ধরায় বাজারে সরবরাহ কম। সেকারণে এই বাড়তি দর। 
এদিকে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কেজিতে অন্তত ২০ টাকা বেশি দামে এসব মাছ বিক্রি হচ্ছে।

মাছ চাষ সংশ্লিষ্টরা জানান, বাজারে ক্রেতা চাহিদা থাকায় বাজার চড়া। বেশি দামে মাছ বিক্রি করতে পারায়, উৎপাদন ব্যয় মিটিয়ে তারা লাভবান হচ্ছেন। 

রাজশাহী আমচত্বর মৎস আড়ত সমবায় সমিতির সভাপতি ইসরাইল হোসেন বলেন, বর্ষায় পুকরে পানি বেশি থাকে এবং আবহাওয়া প্রতিকূল থাকে। আবার চাষের পুকুরে মাছের মজুদ কম থাকে। পুকুর মালিকরা এসময় মাছের পরিচর্যার মাধ্যমে আকার বাড়াতে মনোযোগী হন। সেকারণে বাজারে মাছের সরবরাহ কম থাকে। 

এই আড়তদারদের মতে, চলতি মাসের পুরোটা দাম বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।

নওদাপাড়া বাজার থেকে মাছ কিনে, তা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠান আড়তদাররা। এখানে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকার কেনাবেচা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে