এমটিনিউজ২৪ ডেস্ক : সেন্টমার্টিন সংলগ্ন সাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি সেইলফিশ। স্থানীয় ভাষায় এটিকে ‘পাখি মাইট্যা মাছ’ বলে। এ মাছটি বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহমদের মালিকানাধীন ট্রলারটি নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১১ জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান। ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের সাগরের পশ্চিমে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বড় আকারের একটি সেইলফিশ আটকা পড়ে।
ট্রলার মালিক সব্বির আহমদ বলেন, জাল তোলার সময় এত বড় মাছ দেখে সবাই অবাক হয়। পরে ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২০০ কেজি। মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
তিনি আরও বলেন, রোববার সন্ধ্যার দিকে মাছটি শাহপরীর দ্বীপ থেকে এনে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। পরে সেখান থেকে বরফসহ গাড়িযোগে চট্টগ্রাম ফিশারি ঘাটে পাঠানো হয়েছে।
স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, সাব্বিরের ট্রলারে ধরা পড়া মাছটি ৪০ হাজার টাকায় কেনা হয়েছে। বর্তমানে মাছটি চট্টগ্রামে পাঠানো হয়েছে, সেখানে বিক্রির প্রস্তুতি চলছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা বলেন, সেইলফিশ বা পাখি মাইট্যা মাছ সমুদ্রের দ্রুতগামী মাছগুলোর মধ্যে অন্যতম। এর পিঠের বড় পাখনা দেখতে অনেকটা পাখির ডানার মতো। তাই স্থানীয় ভাষায় একে পাখি মাইট্যা মাছ বলে।