এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার এক বিরল নজির স্থাপন করেছেন নুরুল আলম বাচা নামের এক নৈশপ্রহরী।
উপজেলার নাজিরহাট বাজারে রাতের অন্ধকারে তিনি এ বিপুল অর্থ কুড়িয়ে পেয়েছিলেন৷
বুধবার (১০ জুন) মধ্যরাতে স্থানীয়দের উপস্থিতিতে প্রকৃত মালিকের হাতে তিনি ওই টাকা ফেরত দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন তিনি।
নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত নুরুল আলম উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর মাইজ্যা মিয়াজির বাড়ির মৃত কবির আহাম্মদের ছেলে।
জানা যায়, বুধবার রাত ১২টার দিকে দায়িত্ব পালনের সময় নাজিরহাট বাজারের উত্তর পাশে গরুহাটা সোসাইটির মাঠের সামনের সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ কুড়িয়ে পান মো. নুরুল আলম বাচা। ব্যাগের ভেতর বিপুল টাকা দেখে তাৎক্ষণিকভাবে তিনি সেটি পৌরসভা কার্যালয়ের একটি কক্ষে নিরাপদে রাখেন। পরে তিনি টাকার প্রকৃত মালিকের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে জানা যায় ওই টাকাগুলো হারিয়েছেন নাজিরহাট বাজারের এম আর জুয়েলার্সের স্বত্বাধিকারী ব্যবসায়ী দুর্লভ ধর। পরে পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক এবং বাজারের ব্যবসায়ী মীর মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে দুর্লভ ধরের কাছে টাকাগুলো হস্তান্তর করেন এ নৈশপ্রহরী।
এ বিষয়ে নৈশপ্রহরী মো. নুরুল আলম বাচা বলেন, কারও হারানো টাকা বুঝতে পেরে প্রকৃত মালিকের সন্ধান করতে থাকি। একপর্যায়ে প্রকৃত মালিকের সন্ধান পাই এবং গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে যার টাকা তার কাছে তুলে দিই।
দুর্লভ ধর বলেন, আজকের সময়ে এমন সততায় ভরা মানুষ বিরল। অভাব তার হিমালয়সম সততার সামনে দাঁড়াতেই পারেনি। আমার হারিয়ে যাওয়া টাকাগুলো গ্রাহকের আমানত ছিল, এ টাকা ফেরত না পেলে ব্যবসায়িক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতো।