এমটিনিউজ২৪ ডেস্ক : মাতৃত্ব ও শিক্ষাজীবনের দায়িত্ব একসঙ্গে সামলে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক শিক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিন দিন পরই পরীক্ষার হলে উপস্থিত হয়ে দৃঢ় মনোবল ও স্বপ্নপূরণের অদম্য ইচ্ছার পরিচয় দিয়েছেন এসএসসি পরীক্ষার্থী হাওয়া আক্তার।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৮ এপ্রিল কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর শারীরিকভাবে দুর্বল থাকলেও শিক্ষা থেকে বিচ্যুত হননি তিনি।
বরং প্রতিকূলতাকে জয় করেই দাখিল (এসএসসি) পরীক্ষায় অংশ নেন এই শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে উপস্থিত হন হাওয়া আক্তার। নির্ধারিত সময়ে তিনি ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, তার নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের এক সদস্য কেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন।
ফলে একদিকে চলছিল মায়ের পরীক্ষা, অন্যদিকে সন্তানের যত্ন। দুই দায়িত্বই সমানভাবে সামলানো হচ্ছিল।
এমন প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যচ্যুত না হয়ে হাওয়া আক্তারের এই সাহসিকতা প্রমাণ করে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। তবে এ বিষয়ে হাওয়া আক্তারের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা বলেন, ‘আমাদের এ কেন্দ্রে ১১ শতাধিক পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে একজন ছাত্রী সন্তান জন্মের মাত্র তিন দিন পরই পরীক্ষায় অংশ নিয়েছে। যা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণার।’