শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪২:০২

মা-মেয়ে পাশাপাশি কবরে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে

মা-মেয়ে পাশাপাশি কবরে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে

এমটিনিউজ ডেস্ক : পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত হলেন মাহমুদা আক্তার ও তার মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি। শুক্রবার (১৩ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (১৪ নভেম্বর) মায়ের জানাজার সময় বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। তার চোখেমুখে ছিল আতঙ্ক আর ভয়ের ছাপ। যে দুর্ঘটনায় মা ও বোনকে হারিয়েছে, সেই দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি তখনো তাকে তাড়া করছিল।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। এর আগে একই এলাকায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

প্রথমে মাহমুদা আক্তারের (৩৫) জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার মামা সিদ্দীক। পরে মেয়ে সম্প্রীতির (৮) জানাজায় ইমামতি করেন বাবা আলী আজগর খোকন।

জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আলী আজগর খোকন। স্ত্রী ও মেয়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি। আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন, সেই প্রার্থনা করেন। পাশাপাশি দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন।

আলী আজগর খোকন জানান, তার মেয়ে সম্প্রীতি তৃতীয় শ্রেণিতে পড়ত। অন্যদিকে ছেলে মাহমুদ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ছেলেকে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি।

খোকন আরও বলেন, ‘মেয়ে নানা স্বপ্ন নিয়ে বেড়ে উঠছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সবকিছু যেন মুহূর্তেই শেষ হয়ে গেল।’

নিহত মাহমুদা আক্তার পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক ছিলেন। তিনি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকার বাসিন্দা এবং ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী। তাদের মেয়ে সম্প্রীতি পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় যাত্রীবাহী একটি থ্রি হুইলারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে থ্রি হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় আট যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা ও তার মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের ছেলে মাহমুদও আহত হয়।

এ ঘটনায় আহত আরেক নারী প্রমিলা (৩০) শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।