শুক্রবার, ২২ মে, ২০২৬, ০৮:৫১:১২

‘সুপারস্টার’ নামের গরুটি বিক্রি হলো ২০ লাখ টাকায়

‘সুপারস্টার’ নামের গরুটি বিক্রি হলো ২০ লাখ টাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রাহামা ক্রস জাতের বিশাল আকৃতির একটি গরু ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। ‘সুপারস্টার’ নামের গরুটি বিক্রির পর মালিক সেটিকে লাল কাপড়, গলার মালা ও ঘণ্টা দিয়ে সাজিয়ে পুরো এলাকায় ঘুরিয়ে দেখান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রায় এক হাজার কেজির বেশি ওজনের লাল রঙের গরুটি শখ করে পালন করছিলেন শাহজাদপুর উপজেলার পুরান টেপরী গ্রামের খামারি মেহেদী হাসান।

খামারি মেহেদী হাসান জানান, চার মাস বয়সে গরুটি কেনার পর প্রায় সাড়ে তিন বছর ধরে পরম যত্নে লালন-পালন করেছেন তিনি। নিয়মিত গোসল, দিনে তিন বেলা খাবার এবং নির্দিষ্ট রুটিনে পরিচর্যা করা হতো গরুটির।

তিনি বলেন, গরুটির খাবারের তালিকায় ছিল কাঁচা ঘাস, গমের ভুসি, ভুট্টাসহ পরিমিত দানাদার খাবার। দেশীয় পদ্ধতিতে পরিচর্যার মাধ্যমেই ধীরে ধীরে বিশাল আকৃতির হয়ে ওঠে ‘সুপারস্টার’।

গরুটির জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থাও করা হয়েছিল। ঘরের চারদিকে দেয়াল না রেখে গ্রিল লাগানো হয়, যাতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারে। বাইরে থেকে ঘরে ফিরলে সবসময় তার জন্য ফ্যান চালু রাখা হতো বলেও জানান তিনি।

মেহেদী হাসান আরও জানান, অনেক আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা গরুটি দেখতে তার খামারে আসতেন। পরে দরদামের ভিত্তিতে ঢাকার এক ক্রেতার কাছে ২০ লাখ টাকায় বিক্রি করা হয় ‘সুপারস্টার’কে। তার দাবি, এটি জেলার সবচেয়ে বড় গরু।

দীর্ঘদিনের যত্নে বড় করে তোলা গরুটি বিক্রি হয়ে যাওয়ায় শেষ স্মৃতি হিসেবে নিজ উদ্যোগে লাল কাপড়, গলার মালা ও ঘণ্টা কিনে সাজিয়ে এলাকাবাসীকে দেখান তিনি। তবে বিক্রি হলেও এখনও গরুটি মালিকের খামারেই রয়েছে। ঈদের দুই দিন আগে সেটিকে ঢাকায় ক্রেতার কাছে পাঠানো হবে বলে জানান মেহেদী হাসান।

জেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৬ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে