বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:১৭:১৪

এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

এবার পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

এমটিনিউজ ডেস্ক : সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে পুলিশের টহল গাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

এ দিন সন্ধ্যায় ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, যমুনা সেতুর পশ্চিম পাশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিলের বিষয়টি সিরাজগঞ্জের পুলিশ সুপার তাকে জানিয়েছেন। ওই সময় দায়িত্ব পালনকারী টহল দল কিংবা আশপাশের থানার পুলিশ কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। এমন কিছু পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার নিয়ে মিছিলের সামনের সারিতে রয়েছেন কয়েকজন। মিছিলে ৩৫ থেকে ৪০ জন অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এ সময় পুলিশের একটি টহল গাড়িকে মিছিলের সামনে দিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার দৃশ্যও রয়েছে।

মিছিলটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, জেলা পুলিশের মুখপাত্র এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতুর সরকারি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

মিছিলটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে করা হয়েছে বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।