আন্তর্জাতিক ডেস্ক: চরম অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানে। এক কঠিন অবস্থায় আছেন বর্তমান প্রেসিডেন্ট ইমরান খান। এদিকে নাম উল্লেখ করবেন না, করবেন না বলেও ‘মুখ ফসকে’ আমেরিকার নাম বেরিয়ে গেল। আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করতে একটি চিঠি দিয়েছে বলেও পরক্ষণই মুখ সামলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, “আমি নাম নিতে পারব না।”
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে এই কাণ্ড করেন ইমরান খান। তিনি অভিযোগ করেন, তার জোট সরকারকে উৎখাত করতে বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে। যা একটি দেশের দূতের মাধ্যমে এসেছে বলে দাবি করা হয়েছে।
ইমরান খান বলেন, “অনাস্থা প্রস্তাব পেশ করার আগেই সেই চিঠিতে অনাস্থা প্রস্তাবের বিষয়টি উল্লেখ করা ছিল। এর অর্থ হল যে ওদের সঙ্গে বিরোধীদের সম্পর্ক আছে।” প্রধানমন্ত্রী দাবি করেন, ওই দেশ হুমকি দিয়েছে যে যদি ইমরানের সরকার ক্ষমতায় টিকে থাকে, তাহলে পাকিস্তানকে ‘কঠিন’ পরিস্থিতির মুখে পড়তে হবে।
এ সময় কোনও দেশের নাম ফাঁস করবেন না বললেও ‘মুখ ফসকে’ আমেরিকার নাম বলে ফেলেন ইমরান খান। তিনি বলেন, “আমেরিকা…ওহ, না, আমেরিকা নয়। একটা অন্য দেশ (হুমকি চিঠ) পাঠিয়েছে। যে দেশের নাম আমি বলতে পারব না। আমি বোঝাতে চেয়েছি যে বিদেশ থেকে আমরা একটি বার্তা পেয়েছি।”
যদিও বুধবারই আমেরিকার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে কোনও মার্কিন এজেন্সি বা কর্মকর্তা ইসলামাবাদকে কোনও চিঠি পাঠায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যমে দ্য ডনের একটি প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র অধিদফতের এক মুখপাত্র বলেন, “এসব অভিযোগের কোনও সত্যতা নেই।” সূত্র: দ্য নিউজ পিকে, জিও টিভি, ডন