বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১১:৪৩:১২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে ১১ জনের মৃত্যু!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে ১১ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন একসঙ্গে ১১ জন৷ আহত আপও ১৫৷ মৃতদের মধ্যে ২টি শিশুও রয়েছে৷

সংবাদসংস্থার খবর অনুযায়ী, থাঞ্জাভুরের একটি মন্দিরে একটি রথযাত্রার অনুষ্ঠান চলার সময় এ দিন সকালে এই দুর্ঘটনা ঘটে৷ পুলিশ জানিয়েছে, ওই রথটি বিদ্যুতের হাই ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে আসতেই রথে থাকা প্রত্যেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ থাঞ্জাভুরের কলিমেদুর আপ্পার মদম মন্দিরে এই দুর্ঘটনা ঘটেছে৷

পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, মন্দিরের ওই রথ বা পালকি একটি মোড় ঘোরার সময় উপরে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটে৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পুলিশ জানিয়েছে, বিপদ এড়ানোর জন্য ওই রথযাত্রা চলাকালীন সাধারণত বিদ্যুৎ সরবরাহকারী তারের সংযোগ বিচ্ছিন্ন করা থাকে৷ কিন্তু এবার রথের উচ্চতা বেশি না হওয়ায় সেটি তার পর্যন্ত পৌঁছবে না ভেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি৷ 

কিন্তু রথ সাজানোর সময় সেটির উচ্চতা বেড়ে যায়৷ যার পরিণতিতে সেটি বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময়ের একটি ভিডিওতে দেখা গিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে গোটা রথটিই পুড়ে গিয়েছে৷

দুর্ঘটনায় নিহতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷ আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে৷-নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে