আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে এক ভারতীয় সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই দুই বাংলাদেশিকেও।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের দহরকান্দ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই বাংলাদেশির নাম জয় বারুই ও বৈশাখী বারুই। তারা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। আর অভিযুক্ত সেনা জওয়ান গৌতম অধিকারী পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা। তিনি বর্তমানে রাজস্থানের যোধপুরে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর এলাকায় কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন জয় ও বৈশাখী। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই দুই বাংলাদেশির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গৌতম অধিকারীর নাম সামনে আসে বলে জানিয়েছে পুলিশ ।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশে তিনি তাদের সহায়তা করে থাকতে পারেন। তবে কীভাবে বা কী উদ্দেশ্যে এই সহায়তা করা হয়েছে, তা এখনো তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। সীমান্ত পারাপারের ঘটনায় আরও কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের তথ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির ভারতে প্রবেশের উদ্দেশ্য এবং সেনা জওয়ানের কথিত ভূমিকার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস