আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর আরও কমেছে। ফলে মুদ্রাটি এখন এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে।
মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ও যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হার বাড়ায় চাপের মুখে পড়েছে ভারতীয় রুপি।
শুক্রবার (১৩ নভেম্বর) ডলারের বিপরীতে রুপির দাম কমে ৯৪ দশমিক ১৫৭৫-এ দাঁড়ায়। আগের দিনের তুলনায় রুপির দর কমেছে ০ দশমিক ১ শতাংশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে তেলের দাম বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হারও বেড়েছে। এর প্রভাব পড়েছে ভারতের শেয়ার ও বন্ডবাজারে।
আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে—এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে। শুক্রবার ভারতের বেঞ্চমার্ক বন্ডের মুনাফার হার ৭ বেসিস পয়েন্ট বেড়েছে। দেশটির প্রধান শেয়ারবাজার সূচক নিফটি ৫০ কমেছে ০ দশমিক ২ শতাংশ।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের উত্তেজনা কমার যে আশা তৈরি হয়েছিল, তা নতুন করে ধাক্কা খেয়েছে। সৌদি আরবের অবকাঠামোয় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনকারী ট্যাংকারে হামলার কারণে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়েছে।
শুক্রবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৪ ডলারে দাঁড়ায়। আগের কার্যদিবসে দাম বেড়েছিল ৩ শতাংশ।
তবে চলতি সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত থাকায় রুপির দর কিছুটা সমর্থন পেয়েছে। তারপরও তেলের উচ্চ দামকে ভারতের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছেন মুদ্রাবাজারের ব্যবসায়ীরা।
ভারত তার মোট চাহিদার প্রায় ৯০ শতাংশ তেল আমদানি করে। ফলে জ্বালানির দাম বাড়লে দেশটিতে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রাবাজার বন্ধ হওয়ার পর প্রকাশিত তথ্যে দেখা গেছে, অক্টোবরে ভারতের ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৬ শতাংশের সহনীয় সীমা ছাড়িয়ে গেছে। সূত্র: রয়টার্স