রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৩:২৫

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ ১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে, যেভাবে আবেদন করবেন

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ ১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে, যেভাবে আবেদন করবেন

এমটিনিউজ২৪জবস : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর অনলাইন আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়া শুরু হয়। আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। এর পরদিন ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

নতুন প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্ল্যাটফরম হালনাগাদের সুবিধার্থে এই সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। জারি করা এই নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের প্ল্যাটফরমটি হালনাগাদ করার কাজ বর্তমানে চলমান আছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাউশির স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট ১০ হাজার ২৭৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ ৫৮৪, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে শূন্যপদ রয়েছে ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ ৩ হাজার ৮৭২টি।
এ ছাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে ৫০৪টি।

মাদরাসা অধিদপ্তরের আওতাধীন কামিল মাদরাসার অধ্যক্ষের শূন্যপদ ৩৪টি এবং উপাধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৫৩টি। ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদ ২০২টি, ফাজিলের উপাধ্যক্ষ পদ ৩৪৩টি, আলিমের অধ্যক্ষ পদ শূন্য ২১৯টি, উপাধ্যক্ষ পদ ৩৭৭টি। এ ছাড়া দাখিল মাদরাসায় সুপার পদ শূন্য ৮৯১টি এবং সহকারী সুপারের ১ হাজার ৪টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মাদরাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের শূন্যপদ ৩ হাজার ১৩১টি।

অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য অধ্যক্ষ পদ ১১০টি, ভোকেশনালে শূন্য সুপার পদ ৪০টি এবং সহকারী সুপার ৪০টি। সব মিলিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান পদ শূন্য ১৯০টি।

অপর এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে পদে আবেদন করার যোগ্যতা রয়েছে, সেই পদের বাটন নির্বাচন করে ফরম পূরণ করতে হবে।

এছাড়া, আবেদনপত্রে সদ্য তোলা রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাদা ব্যাকগ্রাউন্ড) এবং নিজ স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।

সঠিকভাবে আবেদনপত্র দাখিলের পর একটি ইউজার আইডি পাবেন প্রার্থীরা। ওই ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুই ধাপে এসএমএসের মাধ্যমে ৩৫০ টাকা ফি জমা দিতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে