বিনোদন ডেস্ক: ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা যতীন্দ্রনাথ মুখার্জী ওরফে বাঘা যতীন এ বার বড় পর্দায়। নেপথ্যে নাকি পরিচালক অরুণ রায়। চিত্রনাট্য লেখার কাজও নাকি শেষের পথে, শোনা যাচ্ছিল এমনটাই।
যে ছবির প্রযোজনার দায়িত্বে এবং মুখ্য চরিত্রে নাকি সাংসদ-অভিনেতা দেব। সূত্র বলছে ভারতের স্বাধীনতার ৭৫তম পূর্তিতে আসতে চলেছে বড় চমক। আর নতুন চমক নিয়ে আসতে চলেছেন দেব স্বয়ং!
টলিপাড়ার অন্দরে খবর, সোমবার ১৫ আগস্ট নাকি প্রকাশ্যে আসতে চলেছে ‘বাঘা যতীন’-এর প্রথম ঝলক। বাঘা-যতীনকে নিয়ে বাংলা ছবি, তা ঘোষণার সঠিক দিন আর কী হতে পারে। শোনা যাচ্ছে ১৫ অগস্ট সকালেই নাকি নতুন ছবির ঘোষণা করতে চলেছেন দেব।
এর আগেও ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছে নায়ককে। ‘গোলন্দাজ’ ছবিতে ‘নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী’র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এই মুহূর্তে নায়ক ব্যস্ত তার আগামী ছবি ‘প্রজাপতি’ নিয়ে। এ ছাড়াও ‘কাছের মানুষ’-এর প্রচার আর কিছুদিনের মধ্যেই হয় তো শুরু করে দেবেন অভিনেতা।