বিনোদন ডেস্ক: বলিউডে কালো ছায়া পড়েছে! একের পর এক সিনেমা ব্যর্থ হচ্ছে। এমনকি আমির খানের মতো তারকার সিনেমাও সাফল্যের ধারেকাছে যেতে পারছে না। কিছুদিন আগে মুক্তি পাওয়া তার ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
১৮০ কোটির বিশাল বাজেটের সিনেমা দর্শকের মন জয় করতে পারেনি। একই অবস্থা সুপারস্টার অক্ষয় কুমারেরও। তার ‘রক্ষা বন্ধন’ সিনেমাটিও সুবিধা করতে পারেনি। ভারতজুড়ে হাজার হাজার শো বাতিল হয়েছে দর্শকের অভাবে। ফলে বক্স অফিসের হাল করুণ।
এদিকে আমির ও অক্ষয়ের মতো তারকা ব্যর্থ হলেও বাজিমাত করেছেন তেলেগু ইন্ডাস্ট্রির এক নায়ক। তার নাম নিখিল সিদ্ধার্থ। খুব একটা জনপ্রিয় না হলেও তার সিনেমাটি ধীরে ধীরে দর্শকের দারুণ গ্রহণযোগ্যতা পাচ্ছে। মাত্র ১৫ কোটির ছবি দিয়েই আমির-অক্ষয়দের ধরাশায়ী করলেন এই নায়ক!
গত ১৩ আগস্ট মুক্তি পেয়েছে নিখিল অভিনীত ‘কার্তিকিয়া ২’। মাত্র ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। অথচ এরই মধ্যে ২৫ কোটির বেশি আয় করে ফেলেছে। প্রতিদিনই সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ছে। ‘কার্তিকিয়া ২’ সিনেমা নিয়ে তেমন আলোচনা ছিল না।
হিন্দি ভার্সনে সিনেমাটির প্রথম দিনের আয় ছিল মাত্র ৭ লাখ রুপি। দ্বিতীয় দিন থেকেই লাফিয়ে বাড়তে থাকে আয়ের পরিমাণ। এমনকি মাত্র ৩০০ সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাটি নতুন সপ্তাহে ১ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বলে শোনা যাচ্ছে। এতে নিখিল সিদ্ধার্তের সঙ্গে আছেন অনুপমা পরমেশ্বরন।