বিনোদন ডেস্ক: একতা কাপূর, একজন প্রযোজক কম ম্যাজিশিয়ান বেশি। ছোট পর্দা-বড় পর্দ, সব জায়গাতেই তাকে এক নামে চেনেন সকলে। এমনকি, ওয়েব সিরিজেও তার দৌলতে দর্শক পেয়েছেন একের পর এক তারকা। তাকে ছোট পর্দার মহারানি বলা হয়ে থাকে।
এক দিকে একতার এতো সাফল্য। অন্য দিকে তার ভাই তুষার কাপূরের কেরিয়ারের চাকা আবার বলে অন্য কথা। বহু বছর ধরে তিনিও রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে কিন্তু সাফল্য এখনও অধরা। একই বাড়িতে দুই জনের কেরিয়ার দুই রকম। কেন এমন হল?
এমনই এক প্রশ্নের মুখোমুখি হলেন প্রযোজক একতা কাপূর। 'দোবারা' ছবির প্রচারে এসেছিলেন তিনি। তখনই তাকে প্রশ্ন করা হয়, অসংখ্য তরুণ-তরুণীকে তারকা বানালেও নিজের ভাইকে তারকা বানানোর ক্ষেত্রে ব্যর্থ কেন একতা কাপূর?
এমনিতে সংবাদমাধ্যমে একতার সামান্য বদনাম রয়েছে 'খামখেয়ালি' বলে। তিনি একটুতেই রেগে যান, প্রশ্ন অপছন্দ হলে অন্য দিকে মুখ ঘুরিয়ে নেন এ সব নানা গল্প শোনা যায় তার ব্যাপারে। কিন্তু কলকাতায় এসে এই প্রশ্নে মোটেই চটেননি প্রযোজক। উল্টো সাফ জানান, তার ভাইও 'স্টার'।
একতা বলেন, ‘‘আমার ভাইও স্টার। সে পৃথিবীর সেরা বাবা। আমাদের পরিবারের সবচেয়ে খাঁটি মানুষ। কারও বক্স অফিসের নম্বরকে সাফল্যের মাপকাঠি হিসাবে বিচার করা উচিত নয়।’’ আজ ১৯ আগস্ট মুক্তি পেয়েছে একতা প্রযোজিত ছবি ‘দোবারা’।