বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪৪:০৪

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ

বিনোদন ডেস্ক : দল ক্ষমতা থেকে সরে গেলেও 'দাদাগিরি' কমার নাম নেই ভারতীয় বাংলা সিনেমার পরিচিত অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী। সম্প্রতি তার বিরুদ্ধে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়া এবং এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিনেতার বিরুদ্ধে বেহালা থানায় রাজ কাপুর শর্মা নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগে সোহমের পাশাপাশি তার দেহরক্ষী তোতন সর্দারের নামও রয়েছে।

রাজকাপুরের দাবি, গত ১২ মে সোহমের বাড়িতে একটি আলমারি তৈরির কাজ পান তিনি। চুক্তি হয় ৫৫ হাজার টাকায়। অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল ৩০ হাজার টাকা। কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর আরও দু’টি আলমারি তৈরির দায়িত্ব পান তিনি। সেগুলোরও প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে যায় বলে অভিযোগ।

কিন্তু এরপর আর টাকা না পাওয়ায় বকেয়া পারিশ্রমিক চাইতে যান রাজকাপুর। তার অভিযোগ, সেই সময় সোহম তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধর করেন। অভিনেতার দেহরক্ষীর বিরুদ্ধেও একই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শুধু মারধর নয়, অভিযোগপত্রে প্রাণে মেরে ফেলার হুমকি এবং তার ফোন ছিনিয়ে নেয়ার কথাও জানিয়েছেন রাজকাপুর।

এ ঘটনায় শুধু সোহম চক্রবর্তী নন, তার দেহরক্ষী তোতন সর্দারের বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো অভিনেতার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগেও, চলতি বছরের জুলাইয়ে সোহমের বিরুদ্ধে আরেকটি অভিযোগ উঠেছিল। 

এক ব্যবসায়ী দাবি করেছিলেন, অভিনেতা তার কাছ থেকে ৬৮ লাখ রুপি নিয়েও তা ফেরত দেননি। পাওনা টাকা ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন ওই ব্যবসায়ী। ফলে নতুন অভিযোগ সামনে আসায় সোহমকে ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে