শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ০৪:০০:৩২

অবশেষে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন যিনি

অবশেষে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন যিনি

স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এক অনানুষ্ঠানিক ভোটাভুটিতে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন তিনি। তবে তালিকায় সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ক্যারিয়ারের এই পর্যায়েও আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকার অবস্থান চতুর্থ।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, আরব বিশ্বের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট কুয়োরার ১৫ সম্পাদকের ভোটে ১৯৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন ইয়ামাল। ১৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। আর ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ইয়ামালের শীর্ষে থাকার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রথম স্থানের ভোট। ১৫ সম্পাদকের মধ্যে সাতজনই তাকে নিজেদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানের ভোট থেকেও পয়েন্ট পেয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে, দ্বিতীয় স্থানের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কেইন। তবে সেই সমর্থন ইয়ামালের সঙ্গে ব্যবধান ঘোচানোর জন্য যথেষ্ট হয়নি। ফলে তালিকায় দ্বিতীয় অবস্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইংলিশ তারকাকে। তৃতীয় স্থানে থাকা এমবাপ্পের সংগ্রহ ১১৬ পয়েন্ট।

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। তার পয়েন্ট ৪৫। পঞ্চম স্থানে থাকা খভিচা কাভারাৎসখেলিয়ার সংগ্রহ ২২ পয়েন্ট। আর ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ফাবিয়ান রুইজ।

কুয়োরার এই ভোটাভুটিতে প্রত্যেক সম্পাদক তিনজন খেলোয়াড়কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে নির্বাচন করেছেন। প্রথম স্থানের জন্য ১৫, দ্বিতীয় স্থানের জন্য ১২ এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট নির্ধারিত ছিল। সেই হিসাবে পাওয়া পয়েন্ট যোগ করেই তৈরি করা হয়েছে তালিকা।

ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্যে অবদান এবং সামগ্রিক অর্জন বিবেচনা করা হয়।

তবে কুয়োরার এই ভোটাভুটি ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ভোট নয়। এটি কেবল অংশ নেওয়া সম্পাদকদের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন। পুরস্কারের মূল ফলাফলেও এর কোনো প্রভাব নেই। তাই এই ভোটে ইয়ামাল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।