বিনোদন ডেস্ক : নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
তবে এসব খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী। এ বিষয়ে তিনি ও তিশা কেউই মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন এই নির্মাতা।
ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরো আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ।
মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। এসব নিয়ে কথা বলা মানে আরো প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যে নিজের কাজের খবরও জানিয়েছেন ফারুকী। তিনি জানান, গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছিলেন। ১৭ অক্টোবর দেশে ফিরে শুরু করেছেন নতুন বিজ্ঞাপনের কাজ।
ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক, অন্য দুটি ভবন নির্মাণসামগ্রী নিয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এর শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।
সিনেমা নিয়েও ব্যস্ততা রয়েছে এই নির্মাতার। একটি সিনেমার গল্প লেখা শেষ করেছেন তিনি। এখন হাত দিয়েছেন নতুন আরেকটি সিনেমার গল্প লেখার কাজে।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির নামে খোলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।
তিশার নতুন কাজের বিষয়েও কথা বলেছেন ফারুকী। তিনি জানান, একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তিশার সঙ্গে আলোচনা চলছে। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
কাজের সূত্র ধরেই পরিচয় হয়েছিল ফারুকী ও তিশার। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। ২০২২ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।