মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৪:১৯

বাজারে এলো ১০ টাকার নতুন নোট

বাজারে এলো ১০ টাকার নতুন নোট

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) থেকে নতুন ১০ টাকা ব্যাংক নোট বাজারে ছাড়ছে, যা ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের অংশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন নোটের পরিসর ও পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট (২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকা) মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ইতিমধ্যেই বাজারে এসেছে।

নতুন ১০ টাকার নোটটি প্রথমবারের মতো বাজারে ছাড়ার উদ্যোগ নেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে।

নোটের বৈশিষ্ট্য

আকার: ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার

সামনের ছবি: বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি

পেছনের ছবি: ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র

রঙ: গোলাপি আধিক্য

নিরাপত্তা বৈশিষ্ট্য

-জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ

-ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’

-বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম

-২ মিলিমিটার চওড়া রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা

-সি-থ্রু ইমেজ

মাইক্রোপ্রিন্ট

নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ১০ টাকার নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগজ ও ধাতব মুদ্রা আগের মতো বৈধ থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার Specimen নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এই নমুনা নোট টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে