মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৫:৩৫

এবার শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

এবার শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মিরপুরের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ রাখা হয়েছে। ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।

এ ছাড়া, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাসাইল এমদাদ হামিদা কলেজ এবং রাজশাহীর বাগমারার সালেহা-ইমারত ডিগ্রি কলেজের নতুন নামকরণ করা হয়েছে সাঁকোয়া কলেজ।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরকে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে