শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৬:১৫

‘সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে’

‘সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে’

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন হতে আর মাত্র ছয় দিন বাকি। নির্বাচন শেষে নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর হতে পারে আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি। তবে কোনো অনিবার্য কারণে ওই সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার সর্বোচ্চ দ্রুততার সঙ্গেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শেষ করতে চায়।

শফিকুল আলম আরও জানান, নির্বাচনের পর তিন দিনের মধ্যে যদি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মনোনীত হন, তাহলে ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্ভব। কোনোভাবেই এই সময়সীমা ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন শেষ হওয়ার পর অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেবে। তিনি স্পষ্ট করে বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতা ধরে রাখবে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তিনি জানান, এর আগেও সরকার পরিষ্কারভাবে বলেছে যে নির্বাচন শেষে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। কিছু মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে যে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আবুল কালাম আজাদ মজুমদার আরও ব্যাখ্যা করেন, ১৮০ কার্যদিবসের বিষয়টি নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। এই সময়ে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদের পাশাপাশি প্যারালাল কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি ও গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। জুলাই চার্টারের আওতাভুক্ত সংস্কার ও সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের কাজ সম্পূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে; এতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে