এমটিনিউজ২৪ ডেস্ক : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর লক্ষ্যে কর কাঠামোয় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমদানি পর্যায়ে বিদ্যমান ২ শতাংশ অগ্রিম কর অব্যাহতি দেওয়ার পাশাপাশি উৎপাদন পর্যায়ের ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করে তা আমদানির স্তরে আরোপ করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি পাওয়ায় দেশে সম্প্রতি সরবরাহ সংকট তৈরি হয়। এর প্রভাবে ভোক্তা পর্যায়েও দাম বেড়ে যায়। এমন পরিস্থিতিতে এলপিজি খাতের উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে শুল্ক ও কর কমানোর দাবি জানিয়ে আসছিলেন।
এনবিআর কর্মকর্তারা জানান, উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমদানিকারকদের ব্যয় কিছুটা কমবে এবং এর সুফল ভোক্তা পর্যায়ে দামের ওপর পড়বে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।