এমটিনিউজ২৪ ডেস্ক : আজ এক মিটিংয়ে এসে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মনটা ভালো নেই। আজ এখানে আমি মিটিং করতে এসে যার চেহারাটা দেখতে পাচ্ছি না, সে হলো জাহিদুল আলম জাহাঙ্গীর। সরকারি গাছকাটার অপরাধে বহিষ্কৃত হয়ে জেলে আছে সে, এটা আমার জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার।
আজ সোমবার (৩ মার্চ) বিকেলে মিঠামইন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ২০ বছর ধরে মিঠামইন উপজেলায় জালেমদের বিরুদ্ধে আমরা সবাই করেছি। কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যুর রিস্ক নিয়ে জাহিদুল যে যুদ্ধটা করেছে— মায়ের কবরকে বাবার মৃত্যুকে কেন্দ্র করে, সমস্ত জমিজমা বিসর্জন দিয়ে তা ভুলার মতো নয়।
এই ব্যাপারে তিনি আরও বলেন, একটা ভুলের কারণে জীবনের সবকিছু শেষ হয়ে যায় না। নিশ্চিত, সে একটা ভুল করেছে তা-না হলে দল এ ধরনের সিদ্ধান্ত নিবে কেন? তার পরেও আমি বলব যথেষ্ট হয়েছে। আমরা সবাই মিলে তাকে নিয়ে আসব। এটা আপনারা নিশ্চিত থাকুন। একদিনেই একটা মানুষের সব কিছু শেষ হয়ে যায় না। সে আবার আসবে, রাজনীতি করবে।
ফজলুর রহমান বলেন, ভুল করেছে ভুলের শাস্তিও হবে। সেটা আমি অস্বীকার করিনা। আমি দলের বিপরীতে যাইতে চাই না। কিন্তু জাহাঙ্গীর ফিরে আসুক এটা আমি চাই। জাহাঙ্গীর আসলে, এখানে থাকলে আমি আনন্দ চিত্তে কথা বলতে পারতাম।
তিনি বলেন, জাহাঙ্গীর অসুস্থ, স্টোক করেছে। সেই স্টোকের রোগী জেলখানায় আছে, এটা ভাবতেও আমার কষ্ট লাগে। আমি আপনাদের বলি তার জন্য দোয়া করবেন। সবাই মিলে চেষ্টা করবেন সে যেন বের হয়ে আসে।
আজকের মতবিনিময় সভায় উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।