এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে সাম্প্রতিক পাঁচ দফা মূল্য সমন্বয়ের মধ্যে তিন দফাতেই কমেছে স্বর্ণের দাম। এর মধ্যে সর্বশেষ টানা তিন দফায় মোট ৮ হাজার ১৬৫ টাকা কমানো হয়েছে।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য—
২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা
এর আগে গত ১৩ মার্চ সকালেও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা। ওই দামও কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি এবার কমানো হয়েছে রুপার দামও। ভরিপ্রতি ২৯২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি রুপার মূল্য—
২২ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা
২১ ক্যারেট: ৫ হাজার ৭৭৪ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৭৩২ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম মোট ২৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১১ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং কমেছিল মাত্র ৩ বার।