এমটিনিউজ২৪ ডেস্ক : এবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বিয়েসহ কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।
জ্বালানি সাশ্রয়ের কৌশল হিসেবে সামাজিক অনুষ্ঠানের আলোকসজ্জার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব স্পষ্ট করে বলেন, ‘বিয়েবাড়ি বা অন্য কোনো সামাজিক উৎসবে আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া বিদ্যুৎ ব্যবহার কমাতে সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী রবিবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে।
নতুন নিয়ম অনুযায়ী, অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। অর্থাৎ অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সাত ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।