বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ০২:০৪:০৫

স্কুল ও কলেজ খুলবে কবে? মাদ্রাসায় ছুটি আরও দীর্ঘ

স্কুল ও কলেজ খুলবে কবে? মাদ্রাসায় ছুটি আরও দীর্ঘ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা দীর্ঘ ছুটি পেতে যাচ্ছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে আগামী ২৪ মে (রোববার) থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে।

তবে আগামীকাল ২২ মে (শুক্রবার) ও ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আজ বৃহস্পতিবারই (২১ মে) ঈদের আগে শেষ ক্লাস। ফলে কার্যত আগামীকাল থেকেই ছুটি শুরু হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্কুল ও কলেজ খুলবে কবে?

সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে আগামী ৭ জুন (রোববার)। ফলে সাপ্তাহিক ছুটিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবে।

মাদ্রাসায় ছুটি আরও দীর্ঘ

সাধারণ স্কুল-কলেজের তুলনায় মাদ্রাসা স্তরের শিক্ষার্থীরা আরও বেশ কিছুদিন বেশি ছুটি পাচ্ছে। মাদ্রাসার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

ছুটি শুরুর আগের দুইদিন (২২ ও ২৩ মে) এবং ছুটি শেষ হওয়ার পরের দুইদিন (১২ ও ১৩ জুন) শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের এই অবকাশ আরও দীর্ঘ হচ্ছে। ফলে টানা ১৪ জুন (রোববার) মাদ্রাসার ক্লাস পুনরায় শুরু হবে। সব মিলিয়ে মাদ্রাসাগুলোতে সর্বমোট ২৩ দিনের ছুটি থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে