বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:০২:২৪

এবার রেকর্ড পতন স্বর্ণের দামে

এবার রেকর্ড পতন স্বর্ণের দামে

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সর্বশেষ টানা চার দফা দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমেছে, যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পতন হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১০ জুন ভরিপ্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। তারও আগে ৬ জুন ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

আর ২ জুন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

ফলে ২ জুন থেকে ১১ জুন পর্যন্ত চার দফা মূল্যহ্রাসে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমেছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩৬ দফা দাম কমানো হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে