বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ০৪:২২:২২

২৯ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ মিন্টু শেখ গ্রেফতার

২৯ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ মিন্টু শেখ গ্রেফতার

রাজধানীর কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র মামলাসহ ২৯ মামলার আসামি মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়াকে (৪৮) গ্রেফতার করেছেন র‌্যাবের সদস্যরা।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-২।

 এতে বলা হয়েছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজধানীর তেজগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী, একাধিক অস্ত্র মামলাসহ ২৯ মামলার আসামি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক কারবারি মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়া কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছেন।
 
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল তাৎক্ষনিক বিশেষ অভিযান পরিচালনা করে মিন্টুকে গ্রেফতার করে।
 
র‌্যাব আরও জানায়, গ্রেফতার মিন্টু দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। মিন্টুর নামে ডিএমপির তেজগাঁও থানায় দস্যুতা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ১৪টি মামলা রয়েছে।
 
এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭টিসহ দেশের বিভিন্ন এলাকায় আরও আটটি মামলা রয়েছে। মিন্টুর অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে