মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ০৯:০৩:৩৪

ফুটবল বিশ্বকাপে সেরা গোলের জন্য মোট ১২টি গোল চূড়ান্ত তালিকায়

ফুটবল বিশ্বকাপে সেরা গোলের জন্য মোট ১২টি গোল চূড়ান্ত তালিকায়

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের এবারের আসরের সবচেয়ে সুন্দর গোল নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু করেছে ফিফা। সোমবার (২০ জুলাই) থেকে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এই ভোট শুরু হয়েছে।

সেরা গোলের জন্য মোট ১২টি গোল চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত বিভিন্ন ম্যাচের ড্রিবল, দূরপাল্লার শট এবং ম্যাচ নির্ধারণী গোলগুলো এ তালিকায় রয়েছে। খবর গ্লোবো এস্পোর্তের।

চূড়ান্ত তালিকায় রয়েছে স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেসের ফাইনালের গোল। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের পাস থেকে করা তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের শিরোপা ধরে রাখে স্পেন।

রানার্সআপ আর্জেন্টিনার দুটি গোলও মনোনয়ন পেয়েছে। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করা লিওনেল মেসির প্রথম গোলটি তালিকায় রয়েছে। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার শটও মনোনয়ন পেয়েছে।

কেপ ভার্দের সিডনি লোপেস কাবরালের গোলটিও সেরা গোলের লড়াইয়ে রয়েছে। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে তার দুর্দান্ত দূরপাল্লার শটে সমতায় ফেরে কেপ ভার্দে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের ৬-৪ গোলের জয়ে জুড বেলিংহামের শেষ গোলটিও চূড়ান্ত তালিকায় রয়েছে। এ ছাড়া শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে তালিকায় জায়গা করে নিয়েছেন আর্লিং হলান্ড।

এ ছাড়া সেরা গোলের জন্য মনোনয়ন পাওয়া বাকি খেলোয়াড়রা হলেন বসনিয়া ও হার্জেগোভিনার কেরিম আলাইবেগোভিচ, হাইতির উইলসন ইসিদর, নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট, জাপানের দাইজেন মায়েদা, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং উজবেকিস্তানের এলদর শোমুরোদভ।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ভোটের মাধ্যমে সমর্থকেরাই ২০২৬ বিশ্বকাপের সেরা গোল নির্বাচন করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে