এমটিনিউজ২৪ ডেস্ক : ভোলার বোরহানউদ্দিননে মরহুম বাচ্চু মিয়ার বাড়িতে গভীর রাতে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশিকের পরিবারের দাবি, গত সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা ইমাম খায়রুর ইসলামকে আটক করে বেঁধে রেখে আশিক ও রাজিব চৌধুরীকে মারধর করা হয় বলে অভিযোগ।
পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
রাজিব চৌধুরীর দাবি অনুযায়ী, তার দুটি চেইন, দুই জোড়া কানের দুল, দুটি আংটি, এক জোড়া রুপার নুপুর এবং নগদ দেড় লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে।
ইমাম খায়রুর ইসলাম ইন্দ্র নারায়ণপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি ওই বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় নাছির ও বাচ্চুকে সন্দেহ করছেন। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাটি পুলিশকে জানালে পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর থেকে পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বোরহানউদ্দিন থানার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।