বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:১০:২৭

বেকার যুবকদের জন্য সুখবর, ‘উদ্যোগ’ নামে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ

বেকার যুবকদের জন্য সুখবর, ‘উদ্যোগ’ নামে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ নামে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকল্পের আওতায় সহজ শর্তে বেকার যুবকদের ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে নতুন এই ঋণ প্রকল্পের কাঠামো, তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে প্রকল্পের তহবিলের আকার ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে।

দেশের সব ব্যাংককে এই প্রকল্পে অংশগ্রহণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্পটি চালু করা হতে পারে।

জানা গেছে, নতুন এই ঋণ কর্মসূচিতে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতেই সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

বৈঠকে অংশ নেওয়া সোনালী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে। এরপর ব্যাংকগুলো প্রকল্পটির আওতায় ঋণ বিতরণের কার্যক্রম শুরু করবে।

প্রকল্পটির ঋণের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং কারা কিভাবে ঋণ পাবেন, এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে