এমটিনিউজ২৪ ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন করে হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতে সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার কারণে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সব ধরনের সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি সংবেদনশীল উল্লেখ করে এতে কুয়েত সরকারের সার্বিক আইনকানুন ও নিরাপত্তা নির্দেশনাবলি মেনে চলার ওপর তাগিদ দেওয়া হয়। বিশেষ করে যেকোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার প্রত্যক্ষ দৃশ্য বা ভিডিও ধারণ থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকতে বলেছে দূতাবাস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না।
জরুরি যেকোনো সহায়তার জন্য প্রবাসীদের সুবিধার্থে তিনটি হটলাইন নম্বর (+৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১) এবং নির্দিষ্ট ই-মেইল ঠিকানা ([email protected]) চালু করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।