রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯:৩৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

এমটিনিউজ২৪ ডেস্ক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে এবার অবাধ ও স্বচ্ছ হবে। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। স্থানীয় সরকার কার্যক্রম শতভাগ সক্রিয় করার জন্য আমরা চেষ্টা করব। যোগ্য, ভালো ও শিক্ষিত, যারা ধ্বংস হওয়া স্থানীয় সরকারকে পুনরুজ্জীবিত করতে পারবে- এ ধরনের মানুষ দিয়ে যাতে স্থানীয় সরকার নির্বাচন হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার জনগণের সরকার তা দেশের জনগণ জানে, বিশ্বাস করে এবং আস্থা অর্জন করতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি। অনেক কিছু আছে যা জনগণের চাহিদার ভেতর রয়েছে; যা আমরা পৌঁছতে পারেনি। যার ভেতর অন্যতম গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, তেলের সমস্যা। যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের রয়েছে। আমাদের পরনির্ভরশীল করা হয়েছে এই তিনটি সেক্টরে; যাতে অন্যের দিকে তাকিয়ে থাকি। এই সমস্যাগুলো বর্তমান সরকার এমনভাবে সমাধান করতে চায় যাতে বাংলাদেশকে আর কারো ওপর নির্ভরশীল হয়ে না থাকতে হয়। 

তিনি বলেন, সমস্যা ও সমাধানের এই মধ্যবর্তী সময়টুকু আমাদের সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার এমনকি স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরা যখন যেখানে যাই দেশের সব মানুষের কাছে দুঃখ প্রকাশ করি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোন কমতি নেই। সব কিছু ঠিক করে সুন্দর দেশ গঠনের জন্য আমরা সবার সহযোগিতা চাই।

নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক রীফা রাওনাক নীতু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পিপি রুহুল আমিন তালুকদার টগর, চেম্বার অব কমার্স সভাপতি আব্দুল মান্নাফ ও জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে