শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩:০২

মাছ, মাংস ও ডিমের বাজার চড়া, সবজির দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকা

মাছ, মাংস ও ডিমের বাজার চড়া, সবজির দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

বেড়েছে কাঁচা মরিচের দামও। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের বাজারও এখনো চড়া। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, জাত ও মানভেদে বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পটোল ও ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া আলু ৩০ টাকা, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা কেজি এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কিছুটা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা কেজি হয়েছে।

রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় নতুন করে বেশ কিছু সবজির দাম বেড়েছে।’

ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে যেসব সবজি তুলনামূলক কম দামে কেনা গেছে, সেগুলোই এখন বাড়তি দামে কিনতে হচ্ছে।

এদিকে মাছ, ডিম ও মুরগির বাজারও এখনো চড়া। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে