এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে দুই সংগঠনের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিক্ষোভ সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুঁশিয়ারি দেন। এর জবাবে রাতে পাল্টা জবাব দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।
এদিন সকালে পদ্মা সরকারি কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের তিনজন এবং ছাত্রদলের দুজনসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে নগরের সাহেববাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদিঘীর মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির।
সভাপতির বক্তব্যে ইমরান নাজির বলেন ‘আমরা ছাত্রদলের বন্ধুদের বলছি, আমরা ধৈর্যের সীমার একেবারে শেষ পর্যায়ে আছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, প্রত্যেকটা ছাত্রদলের নেতাকর্মীদের কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব।’
তিনি আরও বলেন, ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী আহত হলে ছাত্রদলের কোনো নেতার পিঠের চামড়া রাখা হবে না। ছাত্রশিবির কোনো ভেসে আসা সংগঠন না, ছাত্রশিবির রাজপথে জীবন দেওয়া সংগঠন। শহীদ আলীরা প্রমাণ করেছে, রাজপথে কীভাবে জীবন দিতে হয়। আমরা জীবন দেব কিন্তু আমার ছাত্রসমাজের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মীর ওপর যদি কোনো হামলা হয়, তার দাঁতভাঙা জবাব আমি দেব, ইনশাআল্লাহ।’
ইমরান নাজির ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি এ কে এম সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আবদুর রহিম রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও খায়রুল ইসলাম।
এদিকে ছাত্রশিবিরের সমাবেশের পর রাতে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)। ইমরান নাজিরের বক্তব্যের জবাবে তিনি পাল্টা হুঁশিয়ারি দেন।
এমদাদুল হক বলেন, ‘ইমরান নাজিরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইমরান নাজির সাহেব, আপনার বাসা কুমিল্লা। আপনি হয়েছেন পিআর পদ্ধতিতে নেতা। রাজশাহীতে আমাদের নাড়ি পোঁতা, এ রাজশাহীতেই হচ্ছে আমাদের জন্ম, পৈতৃক ভিটার ওপর বসবাস করি। যখন লাগবেন, তখন টের পাবেন।’
তিনি আরও বলেন, ‘যদি ছাত্রদল রাজপথে নামে ছাত্রশিবির কেন ওই রাজাকারের সংগঠন রাজশাহীতে পা ফেলারও জায়গা পাবে না।’
পদ্মা সরকারি কলেজের সংঘর্ষের বিষয়ে এমদাদুল হক অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। ছাত্রদল ওই হামলার অল্প পরিমাণ প্রতিরোধ করেছে বলেও দাবি করেন তিনি।
ইমরান নাজিরের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদল যখন প্রতিরোধ গড়ে তুলবে, ইমরান নাজির আপনি কুমিল্লার বাসও পাবেন না, তা আপনাকে বলে দিতে চাই।
এর আগে সকালে কলেজে ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, সেখানে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, সকালে একটি ঘটনা ঘটেছিল। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল বাড়ানো হয়েছে।