বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৬:৪২

এবার যে নতুন সিদ্ধান্ত চিকিৎসকদের নিয়ে

এবার যে নতুন সিদ্ধান্ত চিকিৎসকদের নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি হাসপাতালের আশপাশে অনিয়ন্ত্রিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভিড় কমাতে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সরকারি হাসপাতালের ঠিক এক কিলোমিটার সীমানার ভেতরে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলার অনুমোদন দেওয়া হবে না।

এদিকে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে আগে থেকেই যেসব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক রয়েছে, সেখানে আর কোনো সরকারি ডাক্তার রোগী দেখতে (প্র্যাকটিস করতে) পারবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

আদেশে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর ক্রমিক নং-০৩ এর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে