রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ০২:০৭:১৭

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি

এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৮ অক্টোবরের মধ্যে এটি শক্তি সঞ্চয় করে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্ক সংকেত-এর পাশাপাশি সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে সংস্থাটি।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান এর দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস জানায়, এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এ সময় নিম্নচাপটির কেন্দ্র ছিল ১৫.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.০০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

সংস্থাটি জানায়, নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকাতেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে সমুদ্রের এই সৃষ্টিটি ক্রমান্বয়ে গতি ও দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গতিপথ বজায় থাকলে এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্র ইতোমধ্যেই বেশ উত্তাল রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।