শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ হাজার ৮০০টির বেশি মোবাইল ফোন এবং ৫০০টির বেশি মোটরসাইকেল বিনা মূল্যে সার্ভিসিং করেছে।
ফাউন্ডেশনের এ উদ্যোগের আওতায় সাধারণ মানুষ কোনো সার্ভিস চার্জ ছাড়াই নিজেদের মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং করানোর সুযোগ পাচ্ছেন। দক্ষ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা এসব সেবা দিচ্ছেন।
সেবাটি সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা পাওয়া যাচ্ছে আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল কার্যালয়ে।
তবে মোবাইল সার্ভিসিংয়ের জন্য কোনো চার্জ দিতে না হলেও ব্যাটারি, ডিসপ্লে, চার্জিং পোর্টসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করতে হলে তার খরচ গ্রাহককে বহন করতে হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে এ কার্যক্রম দীর্ঘমেয়াদে চালু রাখার কথা জানানো হয়েছে।
অন্যদিকে, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে সার্ভিসিং ক্যাম্পের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। উবার, পাঠাও ও ফুড ডেলিভারির কাজে মোটরসাইকেল ব্যবহারকারীদের পাশাপাশি সাধারণ বাইকাররাও এ সেবা নিতে পারবেন।
এ কার্যক্রমে দক্ষ টেকনিশিয়ানদের সঙ্গে প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান কোর্সের শিক্ষার্থীরা সার্ভিসিংয়ের কাজ করছেন। কোনো সার্ভিস চার্জ ছাড়াই মোটরসাইকেল সার্ভিসিং করানো যাবে। তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ বা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট খরচ গ্রাহককে দিতে হবে।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে উত্তর বাড্ডার সাতারকুলের আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে।
মোটরসাইকেল সার্ভিসিংয়ের জন্য আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফরমের তথ্য যাচাই-বাছাই শেষে ফোন করে সেবাগ্রহীতার সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে আস-সুন্নাহর পক্ষ থেকে।