রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩:৩০

গোপালগঞ্জ শহরে দিনভর রীতিমতো তাণ্ডব চালাল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জ শহরে দিনভর রীতিমতো তাণ্ডব চালাল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জ জেলা শহরে দিনভর রীতিমতো তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  এসময় লগি–বৈঠা, রাম দা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন অংশে তাদের মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়। এসব মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় এই পরিস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় একত্রিত হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘোরে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন এবং আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অন্যদিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের রাম ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করেন।
 
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তারা উল্লাস করেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

তাছাড়া শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। একই রাতে বর্ণি বাজারেও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে ওই সব আগুন ও ভাঙ্চুরের পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে দুর্বৃত্তরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।