এমটিনিউজ ডেস্ক : রাঙামাটি থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী উপজেলার বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) সকালে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান গণমাধ্যমকে বলেন, রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।