শনিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৩:০৫

আজ শুরু হলো বিশ্বকাপ, অন্যদিকে শ্রীলঙ্কার দুঃখ বাড়ল

আজ শুরু হলো বিশ্বকাপ, অন্যদিকে শ্রীলঙ্কার দুঃখ বাড়ল

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার থেকে শুরু হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। তবে এমন দিনেও আনন্দ নেই সহ-আয়োজক শ্রীলঙ্কায়। বরং শুরুর আগে দুঃখ আরও বেড়েছে লঙ্কানদের। চোটের কারণে যে শেষ মুহুর্তে দল থেকে ছিটকে গেছেন পেসার ইশান মালিঙ্গা। তার পরিবর্তে অভিজ্ঞ প্রমোদ মাদুশানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

গত ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন কাঁধের গুরুতর চোটে পড়েন মালিঙ্গা। সেই চোটই তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলো। তার স্থলাভিষিক্ত হওয়া মাদুশান এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১৩টি ওয়ানডে এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

মালিঙ্গার পরিবর্তে মাদুশানের অন্তর্ভুক্তি নিয়মতান্ত্রিক হলেও, শ্রীলঙ্কার পুরো বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকলেও নির্বাচকদের দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন ভক্তরা। মাহিশ থিকশানা ও কুশল পেরেরার মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্তি এবং জেফরি ভেন্ডারসের মতো পারফর্মারদের বাদ পড়া এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।

শ্রীলঙ্কার সমর্থকদের দাবি, নির্বাচকরা পারফরম্যান্সের চেয়ে বড় নামের দিকে বেশি ঝুঁকেছেন এবং প্রতিভাবান তরুণদের অবমূল্যায়ন করেছেন। এই অসন্তোষের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে 'বয়কট বিশ্বকাপ' ক্যাম্পেইন শুরু করেছেন লঙ্কান ভক্তরা, যেখানে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মি সিলভাও তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

এবারের বিশ্বকাপ কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণেও উত্তপ্ত। নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশ দল ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় তারা বিশ্বকাপ বয়কট করেছে। অন্যদিকে, বাংলাদেশের দাবি অনুযায়ী ভেন্যু পরিবর্তন না করায় পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। এই ডামাডোলের মধ্যে লঙ্কান সমর্থকদের একটি বড় অংশ সিদ্ধান্ত নিয়েছে তারা মাঠে গিয়ে খেলা দেখবে না। তারা সাধারণ মানুষকে টিকিট না কিনে সেই অর্থ দান করার আহ্বান জানিয়েছেন। একদিকে দর্শকদের বয়কটের ডাক, অন্যদিকে কলম্বোর আকাশে বৃষ্টির ঘনঘটা—সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কায় রয়েছে আয়োজকরা। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট এই ম্যাচটি দর্শকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে বোর্ডের এই সিদ্ধান্তকেও বিদ্রূপ করতে ছাড়ছেন না ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রসিকতা করে বলছেন, "ঢুকতে টাকা লাগবে না ঠিক আছে, কিন্তু বের হতে টাকা লাগবে না তো?"

সব মিলিয়ে, ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের আনন্দ ছাপিয়ে এখন চোট, দল নির্বাচন নিয়ে বিতর্ক এবং আর্থিক ক্ষতির কালো-ছায়া শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর জেঁকে বসেছে। স্বাগতিক হিসেবে লঙ্কানরা মাঠের লড়াইয়ে কতটা সমর্থন পাবে, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে