শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৬:২০

ক্রিকেটার রিংকুর বাবা আর বেঁচে নেই

ক্রিকেটার রিংকুর বাবা আর বেঁচে নেই

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপের সেমিফাইনালের খুবই কাছাকাটি ভারত। কিন্তু ঠিক এই সময় দলটির স্কোয়াডে থাকা রিংকু সিং পেলেন বড় এক দুঃসংবাদ। তার বাবা খানচাদ সিং আর নেই। আজ শুক্রবার ভোরে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতাল এ ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের মুখপাত্র ডা. সুনীল কুমার জানান, খানচাদ সিং লিভার ক্যানসারে ভুগছিলেন।

তিনি বলেন, ‘গত কয়েক দিনে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ২১ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

বাবার অসুস্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন মাঝপথে ঘরে ফিরতে হয় রিংকুকে। পরে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দেন। এর আগে তিনি নয়ডায় গিয়ে বাবার সঙ্গে দেখা করেন।

রিংকুর সাবেক কোচ মাসুদ আমিনি আলিগড়ে পিটিআইকে বলেন, ‘তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তার লিভার ক্যানসার ছিল। শেষ তিন থেকে চার দিন তিনি ভেন্টিলেটরে ছিলেন।’

আমিনি আরও বলেন, ‘পরিবার চালাতে তিনি খুব কষ্ট করেছেন। তিনি গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ দিয়ে শুরু করেছিলেন। পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেছেন।’

২৮ বছর বয়সী রিংকু উত্তর প্রদেশের আলিগড় জেলার বাসিন্দা। নিজের সাফল্যের বড় কৃতিত্ব তিনি বাবাকেই দেন। খানচাদ সিং আলিগড়ে গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করতেন। আর্থিক কষ্টের মধ্যেও তিনি ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন দিয়েছেন।

পরিবার জানিয়েছে, খানচাদ সিংয়ের শেষকৃত্য আলিগড়েই সম্পন্ন হবে। রিংকু সেখানে উপস্থিত থাকবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে