স্পোর্টস ডেস্ক : সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় জিততে জিততেও হেরে গেছে নিউজিল্যান্ড। এতে যেমন কিউইদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ল, তেমনি টিকে আছে পাকিস্তানের আশাও। নিউজিল্যান্ড অবশ্য এক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থানেই রয়েছে। কারণ সেমিতে উঠতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানেই জিততে হবে।
আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। গতকাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে যেমন তাকিয়ে ছিল পাকিস্তান, তেমনি আজকের ম্যাচে চোখ রাখবে কিউইরা। অথচ নিউজিল্যান্ডের সমীকরণটা তুলনামূলক সহজ–ই ছিল। ইংলিশদের হারাতে পারলেই সেমিতে উঠে যেত মিচেল স্যান্টনারের দল।
নিউজিল্যান্ডের করা ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় ইংলিশদের। এই ম্যাচ জিতে দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই হ্যারি ব্রুকের দল সেমিতে খেলবে। ৩ ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে, সমান ম্যাচে ১টি করে জয়, হার ও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের অর্জন ৩ পয়েন্ট। এখনও কোনো পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কাকে হারাতে পারলে পাকিস্তানও কিউইদের সমান ৩ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে সেমিফাইনাল নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে।
শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে গেলে আর কোনো সমীকরণ বাকি থাকবে না, ১ পয়েন্ট নিয়ে সালমান আগার দল বাড়ির পথ ধরবে। তবে বিদায়ের আগে সান্ত্বনার দুটি পয়েন্ট পাবে লঙ্কানরা। অন্যদিকে, পাকিস্তান হারলে গ্রুপের রানার্সআপ হিসেবে নিউজিল্যান্ড পা রাখবে সেমিফাইনালে। আবার পাকিস্তান নির্দিষ্ট ব্যবধানে না জিততে পারলেও কিউইরা সেমি খেলবে। কারণ তারা নেট রানরেটে (+১.৩৯০) এগিয়ে। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায় পাকিস্তান নেট রানরেটে (-০.৪৬১) বেশ পিছিয়ে পড়ে।
পাকিস্তানের সামনে যে সমীকরণ
– যদি আগে ব্যাট করে ম্যাচ জিতে, জয়ের ব্যবধান ন্যূনতম ৬৪ রানের হতে হবে
– আবার, পরে ব্যাট করলে পাকিস্তানকে ১৩.১ ওভারের মধ্যেই জিততে হবে
৬৪ রানের কম ব্যবধান কিংবা ১৩.১ ওভারের বেশি খেলে ম্যাচ জিতলেও লাভ হবে না সালমান আগাদের। ৩ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তানের বিদায় এবং সেমিতে উঠবে নিউজিল্যান্ড।