স্পোটর্স ডেস্ক : প্রথমবারের মতো আফ্রিকান দেশ মৌরিতানিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের ব্যবধানটা ব্যাপক। লিওনেল মেসিদের প্রতিপক্ষ পিছিয়ে ১১২ ধাপ। ফলে ফলাফলেও যে ব্যবধান হওয়ার কথা তা হয়নি।
অন্যভাবে বললে লিওনেল স্কালোনি আরেকবার খেলোয়াড়দের যাচাই করে নিলেন নিজের মতো করে। সেই পরীক্ষা-নিরীক্ষা শেষে জিতেছে আলবিসেলেস্তেরা। যদিও প্রথমার্ধে ২ গোলে লিড নেওয়ার পর শেষমুহূর্তে তারা গোল হজম করেছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তুলনামূলক খর্ব শক্তির দল মৌরিতানিয়ার বিপক্ষে এমন জয় মানতে পারছেন না খোদ আর্জেন্টাইন সমর্থকরাই।
দলের প্রাণভোমরা লিওনেল মেসি এদিন প্রথমার্ধে সাইডবেঞ্চে ছিলেন। আর্জেন্টাইন অধিনায়ককে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার সুযোগ করে দেন লিওনেল স্কালোনি। তাকে করতালিতে যখন বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়াম স্বাগত জানাচ্ছে, ততক্ষণে ২-০ গোলে এগিয়ে স্বাগতিকরা। এরপর তিনি মাঠে নেমে কিছু বাঁ পায়ের ঝলক দেখালেন। যদিও জালের দেখা পাননি। বৃষ্টিও আসি আসি করে মাঠ ভারী করে রেখেছিল। আর্জেন্টিনার পক্ষে দুটি গোল করেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মৌরিতানিয়ার হারের ব্যবধান কমান জর্ডান লেফোর্ট।
ম্যাচ জিতলেও সবদিক থেকে এগিয়ে ছিল না আর্জেন্টিনা। ৬৪ শতাংশ পজিশনের পাশাপাশি গোলের জন্য তারা ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১১ শটের মধ্যে সমান ৪টি লক্ষ্যে ছিল মৌরিতানিয়ারও। সবমিলিয়ে বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে (জাম্বিয়ার বিপক্ষে ১ এপ্রিল ভোরে) নামার আগে কষ্টসাধ্য জয়ই পেল স্কালোনির শিষ্যরা।