স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে অভিষেকেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। যার স্বীকৃতি হিসেবে ২০২৫–২৬ মৌসুম শেষে ক্রিকেট তাসমানিয়া ঘোষিত পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
আগামী ১ এপ্রিল আয়োজিত হতে যাওয়া তাসমানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘বিবিএল-১৫ বর্ষসেরা খেলোয়াড়’ বিভাগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রিশাদ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নাথান এলিস, নিখিল চৌধুরী ও ক্রিস জর্ডান।
হোবার্ট হারিকেন্সের হয়ে এবারই প্রথম বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেছেন। পুরো মৌসুমে ১৫ উইকেট শিকার করে দলটির সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন এই লেগ স্পিনার। তার বোলিং গড় ২০.৮৬ এবং ইকোনমি ৭.৮২, টি–টোয়েন্টি ফরম্যাটে যা বেশ কার্যকর।
বিশেষ করে পাওয়ার প্লের পরপরই আক্রমণে এনে তাকে ব্যবহার করেছে হোবার্ট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়ে দলকে বারবার ম্যাচে ফিরিয়েছেন রিশাদ। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেটের বিনিময়ে ২৬ রান তার মৌসুমের সেরা পারফরম্যান্স।
রিশাদের সঙ্গে এই পুরস্কারের লড়াইয়ে থাকা নাথান এলিসsনিয়েছেন ১৪ উইকেট, দলের অধিনায়ক হিসেবেও রেখেছেন বড় অবদান। অন্যদিকে নিখিল চৌধুরী ব্যাট হাতে করেছেন ৩০০-এর বেশি রান। আর অভিজ্ঞ ক্রিস জর্ডান গুরুত্বপূর্ণ ম্যাচে কার্যকর বোলিংয়ে নজর কেড়েছেন।
তাসমানিয়ার এই বার্ষিক আয়োজনটিতে বয়সভিত্তিক দল থেকে শুরু করে তাসমানিয়ান টাইগার্স এবং হোবার্ট হারিকেন্স; সব স্তরের সেরা পারফর্মারদের স্বীকৃতি দেওয়া হয়। যেখানে ‘ডেভিড বুন মেডেল’ ও ‘রিকি পন্টিং মেডেল’-এর মতো মর্যাদাপূর্ণ পুরস্কারও তুলে দেওয়া হবে।
সব মিলিয়ে, অভিষেক মৌসুমেই এমন পারফরম্যান্স রিশাদ হোসেনকে এনে দিয়েছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন পরিচিতি। এখন দেখার পালা, এই ধারাবাহিকতা ধরে রেখে তিনি কি জিতে নিতে পারেন নিজের প্রথম বিবিএল বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি।