মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ১১:০৩:৪৬

ছুরিকাঘাতে ক্রিকেটারের মৃত্যু, আম্পায়ারও আহত

ছুরিকাঘাতে ক্রিকেটারের মৃত্যু, আম্পায়ারও আহত

স্পোর্টস ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ক্রিকেট ম্যাচের ছোট বিবাদে রূপ নিল ভয়াবহ হিংসায়। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় পেদাগাদিলি এলাকায় অনুষ্ঠিত এক টি-টোয়েন্টি ম্যাচের পর এক তরুণ ক্রিকেটার (২১) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। একই ঘটনায় আম্পায়ারও আহত হয়েছেন এবং আরও অন্তত চারজন গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বিনায়ক নগর ও চাকালি পেটা দলের মধ্যে চলছিল একটি বিশ ওভারের সিরিজ। ব্যাটিং করছিলেন ডি অজিত। ম্যাচ চলাকালীন নন-স্ট্রাইকার এন্ডে ‘রান-আউট’ কল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে অজিতের বিতর্ক সৃষ্টি হয়। বিষয়টি মেটাতে এগিয়ে আসেন ম্যাচের আম্পায়ার বি চিরঞ্জীবী, তিনি খেলোয়াড়দের শান্ত করেন এবং খেলা পুনরায় শুরু হয়।

তবে ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ঘটনাটি মারাত্মক আকার ধারণ করে। খেলার এক দর্শক কান্ত কিশোর ওরফে ‘বক্সার’ অজিত ও আম্পায়ার চিরঞ্জীবীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের চেষ্টা সত্ত্বেও তিনি ক্ষোভ কমাননি এবং পকেট থেকে ছুরি বের করে অজিতের বুকে আঘাত করেন। তাকে বাঁচাতে গিয়ে আম্পায়ার চিরঞ্জীবী ও কয়েকজন পথচারীও গুরুতর আহত হন।

অজিতকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা স্থানীয় থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে কিশোরকে ধরতে অভিযান শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে