শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৯:১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে পাকিস্তান। প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে আইসিসি। ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

তবে পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত। দুই দেশের মধ্যে হাইব্রিড মডেলের চুক্তি অনুযায়ী, ভারতের ম্যাচ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। যদিও বিকল্প মাঠের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইসিসি।

ভারত ও পাকিস্তানের মধ্যে হাইব্রিড মডেলের চুক্তি অনুযায়ী, কোনও একটি দেশে আইসিসির প্রতিযোগিতা আয়োজিত হলে অন্য দেশকে নিরপেক্ষ মাঠে খেলতে হয়। গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলেও ভারতের ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। একই পথে হেঁটে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হতে পারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্রের খবর, ভারতের ম্যাচ বাদ দিয়ে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ আয়োজন করতে আগ্রহী তারা। নিরপেক্ষ কেন্দ্র হিসাবে আমিরশাহীকেই বেছে নেওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন তিনি।

সংবাদ সংস্থাকে ওই সূত্র জানিয়েছেন, ‘ভারতকে বাদ দিয়ে গ্রুপ পর্ব ও নকআউটের সব ম্যাচ আয়োজন করতে চাই আমরা। নিরপেক্ষ কেন্দ্র হিসাবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের কাছাকাছি হওয়ায় দুবাইয়ে যাতায়াতের খরচও কম হবে।’

ভারতীয় দল প্রতিযোগিতার নকআউট পর্বে ওঠার অন্যতম প্রধান দাবিদার। তাই বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা অনেকটাই নির্ভর করছে ভারতের পারফরম্যান্সের উপর। ভারত নকআউট পর্বে না উঠলে ফাইনাল হওয়ার কথা লাহোরে। অন্যথায় ট্রফির লড়াই হতে পারে দুবাইয়ে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।