স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওয়ানডেতেও কাটার মাস্টারের খেলা নিয়ে রয়েছে সংশয়।
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। তাই টসের ঠিক আগে তাকে বাদ দিয়ে শরীফুল ইসলামকে একাদশে নেয় বাংলাদেশ। পুরোপুরি ফিট না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেতেও একাদশের বাইরে ছিলেন মোস্তাফিজ। বুধবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ শন টেইট এলে তার কাছে ছুড়ে দেওয়া হয় মোস্তাফিজকে নিয়ে প্রশ্ন। উত্তরে পেস বোলিং কোচ বলেন, ‘আমার মতে মোস্তাফিজ শেষ ম্যাচের একাদশে জায়গা পাওয়ার বিবেচনায় রয়েছে। তবে আমি ১০০ ভাগ নিশ্চিত না।’
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলতে চট্টগ্রামে যাওয়ার পথে বিসিবির ভিডিওতে মোস্তাফিজকে দেখা যায় কার সঙ্গে যেন চোখ টিপে দুষ্টুমি করছেন। আগের দিন বুধবার অনুশীলনে কয়েক ওভার বোলিংও করেছেন বলে জানিয়েছেন টেইট।
তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলবেন কি না, সেটা নিশ্চিত করতে পারেননি পেস বোলিং কোচ। সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘সে সম্ভবত ৩-৪ ওভার বোলিং করেছে। আমি জানি না একাদশ বাছাইয়ে তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে যতটা জানি, বোলিংয়ের পরও তার অবস্থা বেশ ভালো ছিল।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। আজ সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের অঘোষিত ফাইনাল।