শুক্রবার, ০৮ মে, ২০২৬, ০৮:০৮:১৮

বাসায় ফেরার পর বউ গালি দিতে পারে : মুমিনুল হক

বাসায় ফেরার পর বউ গালি দিতে পারে : মুমিনুল হক

স্পোর্টস ডেস্ক : মুমিনুল হকের কপালটাই যেন খারাপ। শেষ ১১ টেস্ট ইনিংসে একবারও দশের নিচে আউট হননি। আজকেরটিসহ এর মধ্যে আশির ওপরে ইনিংস ৩টি। কিন্তু সেঞ্চুরি আর হচ্ছে না।

সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে। ২০ মাস পর আরেকটি সেঞ্চুরির দোরগোড়ায় চলে এসেছিলেন। এবারও পারলেন না। মাত্র ৯ রানের জন্য মিস হয়ে গেলো তিন অংকের ম্যাজিক ফিগার।

নোমান আলির ঘূর্ণি ডেলিভারি নিচু হয়ে মুমিনুলের প্যাডে লেগে যায়। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েছিলেন, কাজ হয়নি। ১৯৯ বলে ১০ বাউন্ডারিতে ৯১ রানে থামে মুমিনুলের ইনিংসটি।

এত কাছে এসে সেঞ্চুরি মিস? আক্ষেপ হয় না? মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এমন প্রশ্ন শুনে সিরিয়াস ভঙ্গির পর কিছুটা রসিকতাও মিশিয়ে দিলেন মুমিনুল।

মুমিনুল বলেন, ‘না, আক্ষেপ হয় না। তবে আজকে সামান্য আক্ষেপ হয়েছিল। কারণ হয়তো বাসায় ফেরার পর বউ গালি দিতে পারে (স্ত্রীর কাছে বকা খেতে হতে পারে)। তবে সত্যি বলতে, আমার কাছে ১০০ করার চেয়ে প্রতিদিন দলের জন্য রান করা বেশি গুরুত্বপূর্ণ।’

দলের জন্য রান করার কাজটা মুমিনুল ঠিকই করেছেন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়েন। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে টেস্টে এটিই বাংলাদেশের সেরা জুটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে